অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার
টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খোকন মিয়ার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে পূর্বের পদে সম্মানের সঙ্গে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নেতৃত্বের সরেজমিন পর্যালোচনা ও নির্দেশনার ভিত্তিতে মনোয়ার হোসেন খোকন মিয়ার বিরুদ্ধে আনা পূর্বের অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। পাশাপাশি দলের কেন্দ্রীয় নীতি ও আদর্শের প্রতি তার অবিচল আস্থা এবং অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।
এতে আরও বলা হয়, তার সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করে তাকে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের অতীতের ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে তার সঙ্গে পূর্বের ন্যায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি মো. তাজুল ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনায় এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করা হয়েছে।
এর আগে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খোকন মিয়াকে গত ৭ জুলাই দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও জমি দখল সংক্রান্ত একটি ঘটনার জেরে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।