টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ।
গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছুটির পর সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবির নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে ও শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আহত জাবের মাদ্রাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মাদ্রাসার পাশের সিএনজি পাম্পের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসা ছুটির পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস আব্দুল্লাহ আল জাবিরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবী, ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণে প্রশাসনের দীর্ঘসূত্রিতা ও উদাসীনতার কারণে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে প্রধান সড়ক পারাপার করতে হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এরআগেও এই এলাকায় সড়ক দূর্ঘটনায় তামিরুল মিল্লাতের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ওই স্থানে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবস্থান নিয়েছে। কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।