রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এই ঘটনায় দুই পরিবারের ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও ১৩জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
শুক্রবার সকালে ১৮ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবী , দ্বিতীয় তলায় আগুন লাগার কারনে ভবনটিতে আটকে পরেন বাসিন্দারা। ধোঁয়া ও আগুনের তীব্রতার কারনে আহত হন বেশীর ভাগ বাসিন্দা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল দশটার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
জানা যায়, নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। নিহত ফজলে রাব্বির মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার মেয়ের মরদেহ রয়েছে লুবানা হসপিটালে।
অপর পরিবারের, হারিস ও তার ছেলের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। তারর ভাতিজির মরদেহ রয়েছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।