কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩ আগষ্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভুঁইয়া।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন যান জেলা প্রশাসক। এসময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন।
পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করেন তিনি।
এবিষয়ে গাজীপুর জেলা প্রশাসক মো: নুরুল করিম ভুঁইয়া বলেন, আকস্মিক পরিদর্শনে গিয়ে আমরা বেশ কিছু অসঙ্গতি পেয়ে তাদের কাছে কারণ জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেন নি। তাছাড়া ভূমি অফিসে নামজারী করতে যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটাও তারা দেখাতে পারেন নি। এছাড়া অনলাইন কার্যক্রম যেটা ভূমি অফিসের কর্মকর্তাদের করার কথা সেটা তারা বহিরাগতদের দিয়ে করিয়ে থাকেন যেটা সরাসরি অপরাধ। এইসব অভিযোগ বিবেচনা করে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা,গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান প্রমূখ।