গাজীপুর-২ (সদর-টঙ্গী- গাছা ও আংশিক পুবাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জরুল করিম রনির মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
শনিবার (৩ জানুয়ারী) বেলা ১২ টার দিকে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। এসময় মনোনয়ন বাতিল হয় বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন সরকারসহ আট জন প্রার্থীর।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গাজীপুর (সদর-টঙ্গী- গাছা ও আংশিক পুবাইল) আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন— বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন সরকার, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া, জাতীয় পার্টির ইসরাফিল মিয়া, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন, গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, জনতার দলের মো. শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী তাপসী তন্ময় চৌধুরী।
মনোনয়নপত্র বাতিল হওয়ার পর গাজীপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থী হলেন— বিএনপির এম মনজুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ হোসেন আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলী নাছের খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ সরকার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জিয়াউল কবির, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) মাসুদ রেজা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সরকার তাসলিমা আফরোজ, জাতীয় পার্টির মো. মাহবুব আলম, এবি পার্টির আব্বাস ইসলাম খান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. আব্দুল কাইয়ুম।