গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পূর্নঃবিবেচনার দাবীতে টঙ্গীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকারের কর্মী-সমর্থকরা।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকা থেকে চেরাগআলী বাস স্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ করেন তারা।
মশাল মিছিলে বিক্ষোভকারীরা গাজীপুর ২ আসন থেকে মনোনয়ন পাওয়া গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরহল করিম রনির মনোনয়ন বাতিল করে সালাহ উদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীদের দাবী, দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা সালাহউদ্দিন সরকারকে বঞ্চিত করে জুনিয়র রাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে রাজনৈতিক মাঠে কখনও দেখা যায়নি, এমনকি কোনও আন্দোলন-সংগ্রামেও অংশ নেননি।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী।