টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন আলী (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (০৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী পাবনা জেলার সুজানগর থানার নোয়াপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে। তিনি গাজীপুরা কাজীপাড়া এলাকার জনৈক নাজিমুদ্দিনের ভাড়া বাসায় থেকে স্থানীয় তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় নবম শ্রেণির মানবিক বিভাগে অধ্যায়নরত ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যার পর অসতর্কতা বসত মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কভার্ডভ্যানে ধাক্কায় গুরুতর আহত হন ইয়াসিন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এই ঘটনায় কভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।