টঙ্গীতে ছাত্রলীগ নেতার নামে টেন্ডার দেওয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন
শিল্পনগরী টঙ্গীতে নিষদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, সহ সভাপতি হাফিজ উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ফাত্তাহ, সাংগঠনিক সম্পাদক মিয়া খোকন, দপ্তর সম্পাদক মাছুম মোল্লা, কোষাধক্ষ্য ফয়সাল আহমেদ অনিক, স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব সরকার বিপু, সাব্বির সরদার, সাইফুল ইসলাম নয়ন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অনুসারী ও ছাত্রলীগ নেতা কাজী মামুনের নামে দেওয়া হয়েছে। যার হাতে বিগত স্বৈরাচার আমলে বিএনপি নেতা কর্মীরা বারবার নির্যাতিত হয়েছে। অবিলম্বে এই টেন্ডার বাতিল করার দাবী জানান তারা।