টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার
গাজীপুরের টঙ্গীর আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর পাগার এলাকার মৃত আলম খানের ছেলে নুর ইসলাম বাবু ওরফে খান বাবু, (৩৮), একই এলাকার নুরুল ইসলাম খানের ছেলে তরিকুল ইসলাম জিহাদ (২৩), ময়মনসিংহ জেলার তারাকন্দা থানার বালিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে মামুন (২৬) ও রংপুর জেলার কাউনিয়া থানার হারাগাছ গ্রামের মৃত লাবলু মিয়ার ছেলে আরাফাত রহমান জনি (২৮)।
পুলিশ জানায়, মাদক নিয়ে বিরোধের জের ধরে গত ০১ সেপ্টেম্বর দিবাগত রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে নুরুল ইসলাম নামে এক যুবককে তুলে নিয়ে টঙ্গী নদী বন্দর সংলগ্ন ইটখোলা এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে তার প্রতিপক্ষ। পরে তাকে তার সহযোগীর মাধ্যমে সিএনজি অটো রিকসা যোগে চিকিৎসার জন্য প্রেরণ করলে পতিমধ্যে তার মৃত্যু হয়। পরে তার সহযোগীরা নুরুল ইসলামের লাশ তার বাসায় নিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এই ঘটনায় ২ সেপ্টেম্বর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বোন নুরজাহান আক্তার। এরপর টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী খান বাবুসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এজাহারভুক্ত তিনজন ও তদন্তে প্রাপ্ত একজনসহ মোট চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।