টঙ্গীতে পানির ট্যাংকে বিস্ফোরণে কিশোরের মৃত্যু
গাজীপুরের টঙ্গী বাজারে পানির ট্যাংকে বিস্ফোরণে রুদ্র দত্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে দশটার দিকে টঙ্গী বাজারের সালেহা মার্কেটের নিচতলায় রুদ্র জুয়েলারি ওয়ার্কসে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুদ্র দত্ত মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার হাজীগাঁও গ্রামের গৌতম দত্তের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীবাজার সালেহা মার্কেটের নিচতলায় সিড়ির নিচে ছোট দোকান নিয়ে দীর্ঘদিন ধরে শাঁখা ও সিঁদুর বিক্রি করে আসছিল দত্ত পরিবার। দোকানটির নিচেই ছিল অব্যবহৃত পানির হাউস। ঈদকে সামনে রেখে কাজের চাপ বেশি থাকায় রাত পর্যন্ত কাজ চলছিল। এরই মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রভাবে দোকানের ভিতরে থাকা পানির ট্যাংকের লোহার ঢাকনা ও আসবাবপত্র ধংস হয়ে যায়।
লোহার ঢাকনার আঘাতে গুরুতর আহত হন দোকানে থাকা কিশোর রুদ্র।
বিস্ফোরণের পর পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, দীর্ঘদিন যাবৎ অব্যবহারিত থাকা পানির ট্যাংকটিতে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পানির ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।