টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ; চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু।
শিল্প নগরী টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিবের (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযানে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় পাগাড় এলাকার বাসিন্দা মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) গুরুতর আহত হন। তিনি রাজধানীর গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) নামে আরও দুইজন আহত হন।
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসিবকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সর্বশেষ পরিবারের সিদ্ধান্তে তাকে ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ টঙ্গী পূর্ব থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
টনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জোবায়ের হোসেনকে (৪৫) আটক করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এই ঘটনায় থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে উক্ত মামলার মূল আসামি জোবায়ের হোসেনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে এবং নিহতের মরদহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।