টঙ্গীতে বাসচাপায় নারী গার্মেন্টসকর্মীর মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় রহিমা বেগম (৩৫) নামে এক নারী গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত নয়টার দিকে স্থানীয় গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। এই প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী ও নিহতের সহকর্মীরা।
নিহত রহিমা বেগম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার লামাপাড়া গ্রামের সান্দু ডাক্তারের মেয়ে। তিনি টঙ্গীর কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় মাসকো গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে অফিস ছুটির পর গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন রহিমা। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির ইউনাইটেড পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো -ব-১২-৪২৪৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা প্রায় আধা ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের কে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকসুদুল আলম বললেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।