গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনী আলোচনা সভায় পূর্ব থানার জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি) বিকেলে টঙ্গীর টিএনটি এলকায় জাতীয় পার্টির সাইফুল খানের নেতৃত্বে বিএনপিতে যোগদান করেন তারা ।
এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার।
যোগদানকৃতদের উদ্দেশ্যে প্রধান অতিথি সালাহ উদ্দিন সরকার বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলকে আরো বেগবানে ভূমিকা রাখবেন।
সদ্য যোগদানকারী সাইফুল ইসলাম খান বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সামনে থেকে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি পক্ষে আমরা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। আশা করছি, আগামীতে বিএনপির সহযোগিতায় আমরা এ দেশকে এগিয়ে নিয়ে নিতে পারবো।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ সভাপতি কামাল হোসেন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ সভাপতি জানে আলম টিপু, সহ সভাপতি জুলহাস উদ্দিনসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।