টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন লিটনকে (৪৫) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার (০৭ জুন) রাতে টঙ্গীর খরতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত লিটন টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি নগরীর ৫১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ জানায়, সম্প্রতি চট্টগ্রাম ও নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। তারই ধারাবাহিকতায় গাজীপুরেও বড় ধরনের মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল সংগঠনটির নেতাকর্মীরা। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে গাজীপুরের একাধিক আওয়ামী লীগ নেতা। মিছিল করে আইন-শৃঙ্খলা হুমকির মুখে ফেলতে আমির হোসেন একাধিক গোপন মিটিং করেছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খরতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলা আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।