পূবাইলে খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ ; ফুফা গ্রেফতার
গাজীপুরের পূবাইল এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে আপত্তিকর ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেলিম খান ভুক্তভোগী শিশুর আপন ফুপুর স্বামী।
এই ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলার সুত্রে জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে সেলিম খান গত প্রায় ৫ বছর ধরে পূবাইলের হায়দরাবাদ গজারিয়ারটেক এলাকায় তার শ্যালকের (বাদীর) বাসায় স্বপরিবারে বসবাস করে আসছিলেন।
নিঃসন্তান সেলিম খানের ঘরে বাদীর ৯ বছর বয়সী শিশু কন্যাটি (স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী) প্রায়ই যাওয়া-আসা করত।
গত ২৩ মে দুপুরে সেলিম খানের ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটারে তার ছোট বোনের কিছু আপত্তিকর ও অশ্লীল ছবি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি পরিবারের অন্য সদস্যদের জানান।
বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য প্রকাশ পায়।
শিশুটি জানায়, গত ১৫ মার্চ থেকে ২১ মে’র মধ্যে বিভিন্ন সময়ে অভিযুক্ত সেলিম খান তাকে চিপস বা বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যেত। সেখানে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় এবং সেই অপরাধের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়।
ঘটনার পর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
এবিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।