গাজীপুরের পূবাইলে বন্ধ বাসা থেকে সাহানা বেগম (৫৮) নামে এক স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবগত রাতে মাজুখান পশ্চিম পাড়া ফাল্গুনী টাওয়ার এর ২য় তলায় তার নিজ বাসার একটি বন্ধ রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুল শিক্ষিকা সাহানা বেগম ঢাকার রামপুরা বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে। তিনি মাঝুখান এলাকায় ভাড়া বাসায় থেকে কালীগঞ্জ একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, গত তিন দিন যাবৎ বাসা বন্ধ পেয়ে পাশের ফ্লাটের লোকজন থানায় ফোন দেন। পরে পুলিশ গিয়ে জানালা দিয়ে তার অর্ধগলিত মরদেহ পরে থাকতে দেখে। এরপর পুলিশ দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের মেয়ে জানান, আমার মা দীর্ঘ চার বছর একা ভাড়া বাসায় থেকে স্কুলে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করতেন।আমার মা হার্টের রোগী ছিলেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হাসান বলেন , খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি, প্রাথমিক ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।