সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানায়, নাওজোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি ফুটওভার ব্রিজ খুবই দরকার। এই মহাসড়কের দুই পাশে ছোটবড় ২০ টি পেষাক কারখানা রয়েছে। স্থানীয় মানুষের পাশাপাশি হাজার হাজার শিল্প কারখানা শ্রমিকরা বসবাস করে৷ শ্রমিকদের পাশাপাশি পাশেই থাকা স্কুল কলেজে শতশত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে পারাপার হয়৷ এছাড়াও এখানে প্রতিনিয়ত এখানে ঘটে দুর্ঘটনা। আমাদের একটি ফুটওভার ব্রিজ লাগবেই, এজন্য আমরা সড়ক অবরোধ করেছি এবং মানববন্ধন আয়োজন করেছি। দ্রুত সময়ের মধ্যে আমাদের এখানে ফুটওভার ব্রিজ নির্মানের ব্যবস্থা করতে হবে।
স্থানীয় বডি ফ্যাশন ও আইসিএল কারখানার সিওও সাব্বির আহমেদ জানান, নাওজোর এলাকায় নিরাপদভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের কোন ব্যবস্থা নেই। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার ঘটছে। অনেক শ্রমিক ও স্থানীয় লোকজন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে এবং আহত হচ্ছে। সড়ক দুর্ঘটনা এড়াতে এবং প্রাণ বাঁচাতে নাওজোর ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি ফুটওভার ব্রিজ খুবই জরুরি। এ ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এদিকে ইতোমধ্যে ফুটওভার ব্রিজের জন্য এলাকাবাসী সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এলাকাবাসী নাওজোর এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করে। পরে তারা নিজেরাই মহাসড়ক থেকে সরে যায়। এতে কিছুসময় মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।