বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা গ্রেফতার ১৫
গাজীপুরের টঙ্গীর বউবাজার সরকারবাড়ি রোড এলাকায় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীর বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ প্রায় ১৫ জুয়ারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তিদের থানায় নেওয়ার সময় ৪৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারীর নেতৃত্বে একদল যুবক পুলিশের কাজে বাঁধা দেন এবং মারমুখী আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় এক সিএনজি চালককে মারধর এবং এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানা পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রী দীপক (৫০), মোঃ শহিদ (৫৫) মোঃ ইমাম হোসেন(৪৩), মোঃ আব্দুস সালাম (৪২), মোঃ আঃ রশিদ (৬৫), মোঃ মোস্তফা (৩৫), মোঃ আবুল কাশেম (৫৩), দিলীপ সরকার (৪৭), সাধন কুমার বিশ্বাস (৪২), মোঃ ইলিয়াস (৫০), মোঃ মুকলেছ (৪৮), কাজী জামাল (৫০), মোঃ কবির হোসেন কাকন (৪৩), মোঃ জামাল হোসেন (৪৬) ও মোঃ কামাল শেখ (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত টঙ্গী বউবাজার সরকারবাড়ি রোডে ৪৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারীর বাড়িতে নিয়মিত জুয়ার আসরসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫জন জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের থানায় নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীর নেতৃত্বে একদল যুবক পুলিশের কাজে বাঁধা প্রদান করেন। এসময় পুলিশ বহনকারী সিএনজি চালককে মারধর এবং এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীকে এক নম্বর আসামি করে এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।