টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত
গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে মারুফ হোসেন (৩০)নামে স্থানীয় এক সাংবাদিক। তিনি দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া প্রতিনিধি।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল নয়টার দিকে টঙ্গীর এরশাদ নগর বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ হোসেন তথ্য সংগ্রহের জন্য বেরিবাঁধ এলাকায় যান। এ সময় আগে থেকে ওঁতপেতে থাকা চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী সোহান(৩০), সেলিম(৫৫) ও হাসান(২৫)সহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তার ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলমান আছে।