গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার শীর্ষ ছিনতাইকারী মোক্তার হোসেন সোহানকে (২৫) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে এরশাদ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সম্প্রতি দৈনিক ইনকিলাবের সাংবাদিক মারুফ আহমেদের উপর হামলা করে আবারও আলোচনায় আসেন তিনি।
গ্রেফতারকৃত সোহান এরশাদ নগর ১নং ব্লক বেরী বাঁধ এলাকার সেলিম মিয়ার ছেলে।
বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানার হলরুমে সংবাদ সম্মেলনে এইসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, মোক্তার হোসেন সোহান একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামী তিনি।
এছাড়াও একজন বাইসাইকেল ব্লগারকে সুইচ গিয়ার ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ে ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।