গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত
গাজীপুরের গাছা এলাকায় রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (২৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে নগরীর কুনিয়া বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহতের নাম কার্তিক, তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হতে পারে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।