টঙ্গীতে ইয়াবাসহ স্বামী স্ত্রী হেরোইনসহ যুবক গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ শফিক হোসেন ও নাহিদা আক্তার নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে ১শত গ্রাম হেরোইনসহ মামুন খান নামে আরো এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ০৭ এপ্রিল টঙ্গী পশ্চিম থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, বগুড়া জেলা সদরের করোতোয়া রোড চকলোকমান কলোনি এলাকার শাকিল হোসেনের ছেলে শফিক হোসেন (৪৭) ও তার স্ত্রী নাহিদা আক্তার (৪০) ও ঠাকুরগাঁও জেলা সদরের হাজীপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুন খান (৩৫)।
পুলিশ জানায়, চলমান মাদক ও ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাজার, উত্তর আউচ পাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উক্ত মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়াও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরো ১৩ জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্টতায় ১৬জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।