টঙ্গীতে রেললাইনের ধারে মিললো অজ্ঞাত নারীর লাশ
গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বুধবার (০৬ মে) বিকেলে বনমালা হায়দরাবাদ রেলওয়ে ব্রিজ সংলগ্ন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর বয়স আনুমানিক (৫৫) বছর। তার পরনে ছিল হালকা বাদামী রঙের ফুল হাতা টিশার্ট ও নীল রঙের পায়জামা।
স্থানীয়দের দাবী অজ্ঞাত পরিচয়ের ওই নারী মানসিক ভারসাম্যহীন তিনি ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল থেকে বনমালা রেল ব্রীজ এলাকায় ঘুরাঘুরি করে ভিক্ষাবৃত্তি করছিলেন ওই নারী। পরে বিকেলের দিকে রেললাইনের ঢালে বিলের ধারে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পোঁছে পুলিশ ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে প্রেরণ করা হয়েছে। পরিচয় সনাক্ত করতে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।