টঙ্গীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।
গাজীপুরের টঙ্গীতে তেলবাহী লরির ধাক্কায় সিয়াম (২০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ হেফাজতে নিয়েছে পুলিশ। এই ঘটনায় ঘাতক লরিটিকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ।
নিহত সিয়াম টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন নিহত সিয়াম। পতিমধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী মার্কেট এলাকায় এলে গাজীপুর থেকে ঢাকাগামী বেপরোয়া গতির একটি তেলবাহী লরি তাকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। লরিটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।