টঙ্গীতে চাঁদাবাজি মামলার পর যুবদল নেতা নাজমুল মন্ডলকে ‘শোকজ’
শিল্প নগরী টঙ্গীর বহুল আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায়৷ গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলকে কারন দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে কেন্দ্রীয় যুবদল।
সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া (দপ্তরের দায়িত্বে) স্বাক্ষরিত এই নোটিশ প্রেরণ করা হয়।
নোটিশে বলা হয়, তৈরি পোশাক কারখানা এলাকায় পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলাবিরোধী উল্লেখ করে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৮ জুন ঝুট ব্যবসা দখলে নিতে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় সশস্ত্র মোটরসাইকেল মহড়া দেন বিএনপি’র একাংশ নেতাকর্মীরা। এই ঘটনার নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে টঙ্গি পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলসহ ১৯ এজাহার নামীয় এবং অজ্ঞাত ৭০/৮০জনকে আসামি করে চাঁদাবাজি মামলা দায়ের করেন ভুক্তভোগী ঝুট ব্যবসায়ী নুরুজ্জামান জামাল।
মামলা দায়েরের পর ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪৪ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলুকে বহিষ্কার করে টঙ্গী পূর্ব থানা বিএনপি।
ঘটনার ১৫ দিন পর অবশেষে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এবিষয়ে নাজমুল মন্ডল বলেন, শোকজ মামুলি বিষয় আমি এই ঘটনার সাথে কোন ভাবে জড়িত নই। এমপি সাহেব বারবার ট্রাই করছেন তাই শোকজ দিয়েছে আমি জবাব দিয়ে দেব।